যশোরে পরিবারের জমি দখলের চেষ্টা,মারধর ও হুমকির অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক পরিবারের জমি দখলের চেষ্টা,মারধর এবং হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অজয় কুমার মিত্র।
লিখিত বক্তব্যে তিনি জানান,উপজেলার ঢাকুরিয়া গ্রামে পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় ১ একর ৫৪ শতক জমি দীর্ঘ প্রায় ৯৩ বছর ধরে তাদের দখলে রয়েছে। তবে প্রতিপক্ষ মফিজুর গং ১৯২৭ সালের রেকর্ডে অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করে এবং ২০০২ সালে আদালতে মামলা দায়ের করে, যা ২০১২ সালে খারিজ হয়। এরপরও বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
তিনি অভিযোগ করেন,২০২৪ সালে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে স্থানীয় সালিশের মাধ্যমে তা প্রতিহত করা হয়। কিন্তু এরপরও বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকে।
সর্বশেষ গত ৩০ মার্চ সকাল ৯টার দিকে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এ সময় মফিজুর ও তার সহযোগীরা দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে অজয় কুমার মিত্রসহ তার পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
ভুক্তভোগীর দাবি,হামলার সময় তাদেরকে নানা ভাবে হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে তিনি মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে অজয় কুমার মিত্র ছাড়াও অলোক কুমার মিত্র, অসীম কুমার মিত্র, রীতা মিত্র, সুপ্রীতি মিত্র, বন্ধন মিত্র, ঐশিক মিত্র, বাপন মিত্র, আনোয়ার হোসেন গাজী, তরিকুল ইসলাম, অনিমেষ বসুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Read more