যশোর অফিস
যশোর র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শ্রীপুর থানার খামারপাড়া গ্রামের রোকনের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ২টি দেশীয় ওয়ান শুটারগানসহ আলম খাঁন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খাঁনের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র দুটি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।