যশোর চৌগাছায় ভুল অপারেশনের অভিযোগ: মায়ের পা হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ 

Share

যশোর অফিস 
যশোরের চৌগাছা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগে মায়ের পা কেটে ফেলতে হওয়ায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফুলসরা ইউনিয়নের চারাবাড়ী গ্রামের বাসিন্দা ওয়াজ্জেদ আলী (৫৫) গত ৭ মার্চ ২০২৬ অসুস্থ মাকে চৌগাছা বাজারে অবস্থিত ‘মায়ের দোয়া (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ ভর্তি করেন। সেখানে হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পর হার্নিয়ার অপারেশনের পরামর্শ দেন।
পরবর্তীতে ২০ হাজার টাকায় চুক্তির ভিত্তিতে ৯ মার্চ দুপুরে তার মায়ের অপারেশন করা হয়। অপারেশনের পর প্রথমদিকে স্বাভাবিক থাকলেও তিন দিনের মধ্যে রোগীর বাম পায়ে জটিলতা দেখা দেয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা শিরার ডাক্তার দেখানোর পরামর্শ দেন।
গত ১২ মার্চ রোগীর অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান, রোগীর বাম পায়ের শিরা কেটে যাওয়ায় পচন ধরেছে এবং পা কেটে ফেলতে হবে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেন।
ভুক্তভোগী ওয়াজ্জেদ আলীর অভিযোগ,সংশ্লিষ্ট হাসপাতালের ভুল অপারেশনের কারণে তার মা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। এ ঘটনায় তিনি হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর সামাদ ও ফজলুর বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, একটি অভিযোগ পেয়েছি সেটা তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more