সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতির প্রশংসা করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি ডেপুটি স্পিকারের প্রশংসা করেন।
সংসদ অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা বর্তমান জাতীয় সংসদ বিশ্বের ইতিহাসে বিরল। সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো। এর অংশ হিসেবে ইতোমধ্যে আমি দলের পদ থেকে পদত্যাগ করেছি।
তার এই বক্তব্যের প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, আজ আপনি যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনসাফের একটি চেয়ার। এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন—নিরপেক্ষভাবেই সবকিছু বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন, আমি আপনার এই মনোভাবের জন্য আরেকবার অভিনন্দন জানাই।
দায়িত্ব পালনকালে ডেপুটি স্পিকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সংগত সব পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব।
এ সময় ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন জামায়াত আমির।