যশোর অফিস
যশোরে এক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের হুশতলা এলাকায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে পাষণ্ড শ্বশুর নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। শ্বশুরের ভয়ে পুত্রবধূ বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি তারা।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়,ওই গৃহবধূ মঙ্গলবার দুপুরে নিজ ঘরে খাটের ওপর তিন বছরের শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী ছিলেন কাজের প্রয়োজনে বাইরে। এই সুযোগে শ্বশুর নেশাগ্রস্ত হয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূ চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শ্বশুর চলে যান। এ ঘটনা জানাজানি হলে শ্বশুর হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই নারী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
গৃহবধূর বাবা জানান,মেয়ের কথা শুনে জামাতাকে ডাকা হয়। জামাতা নিজেও তার বাবার শাস্তির দাবি জানান। কিন্তু তিনি বাড়িতে ফিরে সুর পাল্টে ফেলেন। এরপর থেকে জামাতা ও তার বাবা নানা ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি দিচ্ছেন বলে অভিযোগ করেন গৃহবধুর বাবা। তিনি আরও বলেন, পরে তার মেয়েকে নিয়ে তিনি কোতোয়ালি থানায় যান। সেখানে একটি অভিযোগও দেন তিনি। এরপর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন জামাতা ও তার বাবা। তারা নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, বিষয়টি স্পর্শকাতর। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। অভিযোগের প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।