যশোরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

Share

যশোর অফিস 
যশোরের বাঘারপাড়ায় পবিত্র কোরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আগদোহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সালমুন আগদোহাকুলা গ্রামের সরদার বাড়ী জামে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিবেশী রনি (২০) ঘটনাটি ভিডিও ধারণ করে স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং দোষীর শাস্তির দাবি জানান। খবর পেয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত সালমুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, কোরআন অবমাননার বিষয়টি জানতে পেরে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। আটক সালমুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Read more