যশোর অফিস
যশোর শহরে চাঁদা না দেওয়ায় এক চা দোকানিকে মারধর করে টাকা, সিগারেট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে।
মামলার বাদী মুস্তাকিম হোসেন (২৫) জানান, শহরের একতা হাসপাতালের পাশে তার “মোস্তাক টি-স্টোর” নামে একটি চায়ের দোকান রয়েছে। অভিযুক্ত জীবন, টিকটিকি আল-আমিন, মেহেদী হাসান ও রকিসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ দুপুরে অভিযুক্তরা দোকানে এসে তার কাছে ৯ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দিয়ে চলে যায়।
এরপর ১১ মার্চ রাত আনুমানিক ২টার দিকে দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফেরার পথে ঘোপ বেলতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। পরে তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং গলা চেপে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তার কাছে থাকা ১০ হাজার ২৫০ টাকা নগদ, প্রায় ৪ হাজার টাকার সিগারেট এবং ৩৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, মামলার অন্যতম আসামি রকিকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।