যশোরে ক্যারাম খেলায় বাজির টাকা নিয়ে সংঘর্ষে যুবক রক্তাক্ত

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ক্যারাম বোর্ড খেলার বাজির টাকা নিয়ে সংঘর্ষে রুমন হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহবাজপুর গ্রামের মহিরের দোকানে এ ঘটনা ঘটে।
আহত রুমন হোসেন শাহবাজপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। জানা যায়, ক্যারাম বোর্ড খেলার সময় ৬০০ টাকা বাজি ধরাকে কেন্দ্র করে একই গ্রামের উজ্জল (৩৫) ও তার বাবা আলম (৬৫) এর সঙ্গে রুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা কাঠের ডাশা দিয়ে রুমনের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে সেখানে ভর্তি করেন।
এ বিষয়ে আহতের স্বজনরা জানান, ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে সরে পড়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Read more