ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন। খবরটি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে জানায়, বাগেরজাদেহ ওই হামলা থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন। আগের যে খবরগুলোতে তার মৃত্যুর কথা বলা হয়েছিল, সেগুলো সঠিক ছিল না।
এর আগে ইরানের কয়েকটি গণমাধ্যম জানায়, হামলায় পাওয়া আঘাতের কারণেই তিনি মারা গেছেন। এমনকি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ দাবি করেছিল, তিনি কোমায় চলে গিয়েছিলেন। তবে ফার্স নিউজ পরে জানায়, প্রাথমিক আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, মাশহাদে একটি শিয়া পরিবারে জন্ম নেওয়া মানসুরেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে মাত্র ১৭ বছর বয়সে আলী খামেনিকে বিয়ে করেন। তাদের রয়েছে ছয় সন্তান। রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়, কারাবাস ও নানা অনিশ্চয়তার মধ্যে স্ত্রীর সমর্থনের কথা অতীতে বহুবার কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছিলেন খামেনি।