যশোর অফিস: যশোরে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডিবি পুলিশের সাবেক উপপরিদর্শক মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন (৪৫)। মঙ্গলবার (১০ মার্চ) রাতে দুইজনের নাম উল্লেখ করে তিনি এ জিডি করেন।
জিডিতে অভিযুক্ত করা হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারা কাজীপুর গ্রামের আজিজুর রহমান রতন (৪৮) এবং যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা মাহমুদ ইসলাম মামুনকে (৩৬)।
অভিযোগে আবিদ আরা পারভীন জানান, তার স্বামী মফিজুল ইসলাম ২০১৭ সালে নারায়ণগঞ্জ ডিবি পুলিশে কর্মরত থাকাকালে সোনারগাঁও থানার একটি মামলায় রতনকে পিস্তলসহ গ্রেফতার করেন। বর্তমানে ওই মামলায় রতন পলাতক। তিনি দাবি করেন, পলাতক অবস্থায় রতন ফেসবুকে তার স্বামীকে নিয়ে বিভিন্ন মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করছে এবং হুমকি দিচ্ছে।
এছাড়া অপর অভিযুক্ত মামুন তার পরিবারের সদস্যদের গতিবিধি নজরদারি করছে বলেও অভিযোগ করা হয়। সম্প্রতি রতন যশোরে এসে মামুনসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আবিদ আরা পারভীন জানান, তার স্বামী বর্তমানে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত থাকায় মেয়ের পরীক্ষার কারণে তিনি যশোরে ভাড়া বাসায় থাকছেন। পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই তিনি থানায় জিডি করেছেন।