যশোর অফিস: যশোরে একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও মামলার বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১০ মার্চ) যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৪২) করেছেন মামলার বাদী আব্দুর রহমান।
অভিযুক্তরা হলেন সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের হাসানুজ্জামান হাসান, তারেক হোসেন ও নাটোরের নলডাঙ্গা উপজেলার আজিজুর রহমান রতন।
জিডি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ আগস্ট আব্দুর রহমানের ভাই কুয়েতপ্রবাসী বিএনপি কর্মী মেহের আলীকে বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছেন ডিবির এসআই মফিজুল ইসলাম। মামলার এক আসামি তারেক হোসেন গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাদীর অভিযোগ, মামলার তদন্ত বাধাগ্রস্ত করতে এবং পরিবারকে ভয়ভীতি দেখাতে অভিযুক্তরা বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন। বিশেষ করে পলাতক আজিজুর রহমান রতন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে তদন্ত কর্মকর্তা ও বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এসআই জাহিদুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।