যশোর অফিস
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা। মঙ্গলবার (৩ মার্চ) বেলা আনুমানিক দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের চালানো মোটরসাইকেলে করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালিবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজেদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান