রমজানে বিশেষ টাস্কফোর্সের অভিযান: যশোরে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

Share

যশোর অফিস
পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকিতে বিশেষ অভিযান চালিয়ে যশোরে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,যশোর।
সোমবার (২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত সদর উপজেলার মণিহার ফলের বাজার, চৌরাস্তা ফলের দোকান, নুড়িতলা লাচ্ছা সেমাই কারখানা এবং ঝুমঝুমপুর বিসিক এলাকার টু স্টার এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিসিক এলাকার টু স্টার এন্টারপ্রাইজ নামের একটি সেমাই কারখানাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় সেমাই তৈরি) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪৪ ধারায় (মিথ্যা বিজ্ঞাপন/ঘি দিয়ে সেমাই তৈরি দাবি) নুড়িতলার মেসার্স তামান্না এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া চৌরাস্তার হৃদয় ফল ভান্ডারকে ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা) ৫ হাজার টাকা এবং মণিহার ফলপটির মেসার্স শরীফ ফল ভান্ডারকে ৩৮ ধারায় (মূল্য তালিকা প্রদর্শন না করা) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য এবং র‍্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Read more