যশোর অফিস
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এছাড়া পারিবারিক বিরোধে পৃথক দুই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা সবাই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মঠবাড়ি গ্রামে প্রথম পক্ষের বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন কহিনুর বেগম (৬০), হাসানুজ্জামান (২৭), নাইম রেজা (১৬), তাসনিম (২১) এবং অপর পক্ষের আব্দুর রহমান (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। তিনি ভেকুটিয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযোগ অনুযায়ী, ছোট ভাই আহম্মদ আলীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি পেটের বাম পাশে ছুরিকাঘাতে আহত হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
এছাড়া রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার ভাতুরিয়া, পুলেরহাট এলাকায় পারিবারিক কলহের জেরে কোহিনুর বেগম (২৫) নামে এক গৃহবধূ স্বামীর মারধরের শিকার হন। অভিযোগ রয়েছে, স্বামী মাসুম হোসেন (৩৫) কথা কাটাকাটির একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং ঘরের ভেতরে আটকে রাখেন। পরদিন দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।