যশোর অফিস
যশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মরদেহ মাছের ঘেরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিধা বৈরাগী মোড় সংলগ্ন আনোয়ার ফকিরের মাছের ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনো এক সময় নির্জন স্থানে আরিফকে পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে আলামত গোপনের উদ্দেশ্যে লাশটি ঘেরের পানিতে ফেলে রেখে যায়।
খবর পেয়ে মণিরামপুর থানা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।