যশোরে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান

Share

যশোর অফিস:সাম্প্রতিক সময়ে সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় যশোর সরকারি এমএম কলেজ-এর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নারীরা এ আয়োজন করেন।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সংহতি জানিয়ে চারজন অধিকারকর্মী অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যশোর ল কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফাতেমা।

জান্নাতুল ফাতেমা বলেন,সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণের ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বেড়েছে, যা সমাজকে শঙ্কিত করে তুলেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগের অভাব নয়, সামাজিক অবক্ষয়ও এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি আরও বলেন,ধর্ষণ প্রতিরোধে কেবল শাস্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়; সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। মূল্যবোধের চর্চা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠক আশা লতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ফাতেমা জিনা ও ছাত্র ইউনিয়নের কর্মী রাহুল। বক্তারা অবিলম্বে সব ধর্ষণ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Read more