সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে তারা এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এক বিবৃতিতে আইআরজিসি খামেনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত।
এতে আরও বলা হয়, মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও ঘাতকদের হাতে খামেনির ‘শাহাদাত বরণ’ এই মহান নেতার বৈধতা এবং তার একনিষ্ঠ সেবার স্বীকৃতির একটি নিদর্শন।
আইআরজিসি বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত… তাদের রেহাই দেবে না।
সেইসঙ্গে তারা ‘অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়’ অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর দেয়।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরানি জনগণের উদ্দেশে ঘোষণা করা হচ্ছে যে, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে আমেরিকা ও জায়নবাদী শাসকের চালানো যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন।’
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, এ হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।
এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকার সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে।