যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রামে মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আল-আমীন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটে।
নিহত আল-আমিন উপজেলার বারোপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
নিহতের প্রতিবেশীরা জানান, রাত ১০টার দিকে আল-আমীন মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোক জন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান বলেন, তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক যুবককে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।