হাঁস কোলে সংবাদ সম্মেলন রুমিন ফারহানার

Share

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি যে জয় পেয়েছেন, তা কেবল তার ব্যক্তিগত নয়- এটি নেতাকর্মী ও ভোটারদের সম্মিলিত বিজয়।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাঁস কোলে নিয়ে উপস্থিত হন, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

রুমিন ফারহানা বলেন, বিএনপির যেসব পদধারী নেতা তার বিরুদ্ধে কটূক্তি করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, তারা যদি এমন আচরণ না করতেন, তাহলে হয়তো আমি এত বড় ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে সব অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়েছে।
তিনি আরও বলেন, সরাইলের দাঙ্গা-হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেওয়ার অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচনে অংশ নেন। তার দাবি, এই নির্বাচনে কেবল প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নয়, বিএনপির একটি অংশও তাকে হারাতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছিল, কারণ তারা মনে করেছিল তিনি শুধু বিএনপি করার কারণেই রুমিন ফারহানা হয়েছেন।

নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, নির্বাচনে যারা তার পক্ষে কাজ করেছেন, তাদের প্রত্যেকের কাছে তিনি ঋণী। এলাকার উন্নয়নে তিনি নিবেদিতভাবে কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন।

এদিকে তার বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই তারা তার বাসভবনে ভিড় করছেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

Read more