যশোর অফিস
যশোর শহরের রাজারহাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুশফিকুর রহিম (২৪)। তিনি চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাখাপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত ব্যক্তির নাম ইয়াসিন আলী (২৬), তিনি যশোর সদর উপজেলার ঘুরুলিয়া আড়পাড়া এলাকার আলী আকবরের ছেলে। নিহত ও আহত উভয়েই প্রাণ-আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে যশোর শহরের দিকে আসার পথে রাজারহাট অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মুশফিকুর রহিমের নিহত হয়।
এ সময় আহত ইয়াসিন আলীর ডান পায়ের পাতার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় তার পা গুরুতরভাবে কাটা জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। নোয়াপাড়া হায় ওয়ে থানার উপপরিদর্শক (এস আই) আরাফাত নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান। তিনি বলেন এঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে মামলা হবে।