যশোরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

Share

যশোর অফিস
যশোরে পূর্ব শত্রুতার জেরে চাকু ও লাঠি দিয়ে হামলা চালিয়ে এক যুবককে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সুতিঘাটা কামালপুর চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম বাদশা পাটোয়ারী (২৬)। তিনি সৈয়দ পাটোয়ারীর ছেলে এবং সুতিঘাটা কামালপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাদশা পাটোয়ারীকে একা পেয়ে একই এলাকার রাহুল (১৮), রিফাত (১৮), হৃদয় (২২), কামাল (৪৫) ও রনি (২৫) পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। এ সময় চাকু দিয়ে আঘাত করে তার মাথায় রক্তাক্ত কাটা জখম করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করা হয়।
পরে স্বজনরা আহত অবস্থায় বাদশা পাটোয়ারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Read more