যশোর অফিস
জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস (জানুয়ারি) উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা, সেভ লাইফ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব যশোরের যৌথ আয়োজনে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব যশোর জেলা শাখার সভাপতি মো. সেলিম রেজা বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এ ছাড়া রোটারি ক্লাব অব যশোর জেলা শাখার সেক্রেটারি মো. নাসিম উদ্দিন খানসহ রোটারি ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষাসহ সচেতনতামূলক সেবা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সহায়তা মিলবে বলে তারা আশা প্রকাশ করেন।