যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

Share

যশোর অফিস 
যশোর সরকারি এম এম কলেজের আসাদ হলের মধ্যে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে লেখাকে কেন্দ্র করে মিকাইলসহ অজ্ঞাত ৪-৫জন তাকে হোস্টেলের মধ্যে কুপিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ছাত্র।মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শহীদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
হাসপাতালে আহত রবিউল জানান, গত মাসের শেষের দিকে কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে দেখে লিখছিল মিকাইল। বিষয়টি স্যার দেখে ফেলায় মিকাইল তাকে অভিযুক্ত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে মিকাইলের সাথে রবিউলের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর মিকাইলসহ কয়েকজন হোস্টেলে ঢুকে স্টিলের লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান,আহত রবিউলের মাথার পেছনে দা দিয়ে কোপের ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read more