যশোর অফিস
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের বাগডাঙ্গা পালবাড়ী এলাকায় মাইরপিটের ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন অশোক কুমার পালের ছেলে সাধন কুমার পাল (৩২)ও মৃত কাজী আব্দুস সোবাহানের ছেলে তৈয়েবুর রহমান (৪০)। তারা দুজনই বাগডাঙ্গা পালবাড়ী এলাকার বাসিন্দা এবং পরস্পর বন্ধু। সাধন কুমার পাল পেশায় একজন কুমার।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে নটার দিকে সাধন কুমার পালের তৈরি মাটির চাড়ি জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন একই এলাকার জলিল (৪৪), শাহিন (৩৪) ও খোকন (৩৮)। এ সময় সাধন কুমার বাধা দিলে অভিযুক্তরা কাঠের লাঠি ও দা’র পেছন দিক দিয়ে তাকে মারধর করে।
পরে তৈয়েবুর রহমান বাধা দিতে গেলে অভিযুক্তরা দা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সাধন কুমার পালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত তৈয়েবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।