রাইটস যশোরের সভায় সুজন সরকার সরকার প্রতি ভোটারের ভোটদান নিশ্চিত করতে বদ্ধপরিকর

Share

যশোর অফিস 
মানবাধিকার সংস্থা রাইটস যশোর পরিচালিত ‘ইনক্লুসিভ ভোটার এডুকেশন’ বিষয়ক অবহিতকরণ সভায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সুজন সরকার বলেছেন, সরকার দেশের প্রতিটি ভোটারের ভোটদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এজন্য ভোটারদের সচেতন করতে নানা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বেসরকারি পর্যায়েও এ ধরনের প্রচারণা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বুধবার (০৭ জানুয়ারি) শহরের একটি অভিজাত হোটেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার আরো বলেন, আমাদের দেশে ভোট মানে উৎসব। ব্যক্তিগত সমস্যা থেকে নানাবিধ কারণে অনেকে এই ভোটদান থেকে বিরত থাকেন। কিন্তু, প্রতিটি ভোটেরই মূল্য অনেক গুরুত্বপূর্ণ। যা আগামী দিনের দেশের গতিপ্রকৃতি নির্ধারণে ভূমিকা পালন করে।
তিনি বলেন, ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টি শুধু সরকারের একার পক্ষে করলেই হবে না। এজন্য বেসরকারি পর্যায়েও সকলকে এগিয়ে আসা জরুরি।
রাইটস যশোর যে কাজ শুরু করেছে তার ভূয়সী প্রশংসা করে এডিসি বলেন, সংস্থার মাসিক পরিকল্পনা জেলা প্রশাসনের কাছে জমা দিলে প্রশাসনের কর্মসূচির সাথে তা সমন্বয় করে নেওয়া যাবে। এতে কাজ আরো ভালো হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। রাইটস যশোর ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন সংস্থার পরিচালক (প্রকল্প) প্রদীপ দত্ত। সঞ্চালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম
ইউকে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এবং সুইডেস অ্যাম্বাসির অর্থায়নে প্রকল্পটি আএফইএস এর সহায়তায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন রাইটস যশোরের কর্মকর্তা মারুফা আক্তার।
তিনি জানান, প্রকল্পটি যশোর এবং সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় পরিচালিত হচ্ছে। এরমধ্যে যশোরের সদর ও মণিরামপুর উপজেলায় দলিত জনগোষ্ঠী ও যুবভোটার এবং সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় চিংড়িচাষে যুক্ত শ্রমিক ও যুবভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে উঠান বৈঠক, পথনাটক, সেনসেটাইজেশন মিটিং, কনসালটেশন মিটিং ইত্যাদি।
সভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক ও যশোর-৩ আসনে সিপিবি’র প্রার্থী রাশেদ খান এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।

Read more