যশোর অফিস: যশোর শহরের পালবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে শহরের পালবাড়ি এলাকায় আব্দুল্লাহর নির্মাণাধীন তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম কিবরিয়া (৩৭)। তিনি গুলজার হোসেনের ছেলে এবং যশোরের চৌগাছা উপজেলার সলুয়াবাজার গ্রামের বাসিন্দা। কিবরিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ভবনের তিনতলা ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত কিবরিয়াকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত বলে জানা গেছে।