ঢাকা অফিস: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আরও দুটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্র দুটি হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্রার্থী মো. রাকিব পেয়েছেন ৯৪ ভোট।
এ বিভাগের জেনারেল সেক্রেটারি (জিএস) পদে শিবির–সমর্থিত আব্দুল আলিম আরিফ ১১২ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিপরীতে ছাত্রদল–সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এডিশনাল জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে শিবির–সমর্থিত মাসুদ রানা ১০৫ ভোটে এগিয়ে রয়েছেন, আর ছাত্রদল–সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।
অন্যদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবির–সমর্থিত রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে ছাত্রদল–সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৩৯ ভোট।
জিএস পদে শিবির–সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র ফ্রন্ট–সমর্থিত প্যানেলের ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। এজিএস পদে শিবির–সমর্থিত মাসুদ রানা ৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে ছাত্রদল–সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩০ ভোট।
এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আরও চারটি বিভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগ। এসব কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির–সমর্থিত ভিপি প্রার্থী এবং একটি কেন্দ্রে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর ফলও প্রকাশ করা হবে। সব কেন্দ্রের ফল প্রকাশের পর জকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।