যশোরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Share

যশোর অফিস
মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উদ্যোগে ‘মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটোয়াপাড়া স্কুল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উপপরিচালক পারভীন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোবাজার ডিগ্রি কলেজ, ঝিনাইদহ-এর প্রভাষক মো. ফারুক হোসেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন।
প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ঝিকরগাছার কুলি ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং যশোরের হালসা ভলিবল টিম রানার্সআপ হয়।
ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কুলি ভলিবল টিমের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় হরসিত বিশ্বাস।
খেলা শেষে সভাপতির বক্তব্যে উপপরিচালক পারভীন আখতার মাদকের ভয়াবহ কুফল ও এর প্রতিকার বিষয়ে আলোচনা করেন। পরে খেলোয়াড় ও দর্শকদের নিয়ে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্টে কুলি ভলিবল টিমের হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের হরসিত বিশ্বাস, রাহুল, আশিক, পলাশ, তপু, রাতুল, শান্ত ও প্রান্ত; বিমানবাহিনীর আবু ফয়সল, পাভেল ও আবু সাকিব এবং সেনাবাহিনীর নাঈম অংশগ্রহণ করেন।
অন্যদিকে হালসা ভলিবল টিমের হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাহারাজ, মাশফিক ও ইমাম; বাংলাদেশ নৌবাহিনীর শাওন ও মারুফ; বিকেএসপির সাব্বির এবং বিমানবাহিনীর পারভেজ ও তিতাস অংশ নেন।

Read more