নির্বাচনের বিষয়ে বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Share

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মন্তব্য করেছেন যে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিদেশিদের কাছ থেকে কোনো চাপ নেই। একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, দেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে শেষ হবে।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর কোনো চাপ রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাপ নেই।

সম্প্রতি কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের ঢাকা সফরকালে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, নির্বাচন কীভাবে হবে, সে ব্যাপারে প্রফেসর ইউনূস ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়।

তিনি জানান, কমনওয়েলথ মহাসচিব মূলত নির্বাচন উপলক্ষে এসেছেন এবং তারা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে, অংশগ্রহণ ভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। সেখানে তারা এবং আরও অনেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যবেক্ষক হিসেবে আসবেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনকে ঘিরে এমন ব্যবস্থা করা হবে, যাতে পর্যবেক্ষকরা সন্তুষ্ট হন।

এ ছাড়াও, মিয়ানমারের আসন্ন নির্বাচনে বাংলাদেশ পর্যবেক্ষক না পাঠানোর কারণ ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, এই নির্বাচনে দিয়ে আমি মনে করি না আমাদের কোনো ধরনের কোনো অগ্রগতি হবে। নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা নির্বাচন যেভাবে করার করুক। আমাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো দরকার নাই।

Read more