যশোর অফিস: যশোরে ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১১৬.৬২ গ্রাম ওজনের একটি সোনার বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) ভোরে যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি সোনার বার, একটি বাটন মোবাইল ও নগদ ১৭০ টাকা উদ্ধার করা হয়।
আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে সোনার বারটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।
বিজিবির তথ্যমতে,উদ্ধারকৃত সোনার মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।
আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে সোনার পাচারের প্রবণতা বেড়েছে। সোনা পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।