যশোর অফিস: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে জনি খান। দুজনই জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়,২০১৬ সালের ২১ জানুয়ারি রাতে বেনাপোল পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর-রঘুনাথপুর সড়কের পুকুরকান্দা এলাকায় অভিযান চালান। এ সময় এক কেজি গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।
অন্য মামলায় ২০১৭ সালের ১৪ জুন দুপুরে বারান্দী খালধার সড়কে অভিযান চালিয়ে আটটি ইয়াবা বড়িসহ জনি খানকে আটক করে সিআইডি। সিআইডির এসআই ফিরোজ একতেয়ার সাহেদের অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। বুধবার আদালত জনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে আরও জানা যায়, দুই মামলার আসামিরাই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।