যশোর প্রতিনিধি:
যশোর শহরের কোতোয়ালি মডেল থানা ভবন ভেঙে আধুনিক চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনডিপির অর্থায়নে দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় এ নতুন ভবন নির্মাণকাজ শুরু করেছে যশোর গণপূর্ত অধিদপ্তর।
তবে কোতোয়ালি থানার ভেতরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান স্মরণে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভ থাকায় নতুন ভবন নির্মাণে জটিলতা তৈরি হয়েছে। স্মৃতিস্তম্ভটি প্রায় ২৬ হাজার বর্গফুট জায়গার মধ্যে রয়েছে এবং ভবনের ফাউন্ডেশন পর্যন্ত বিস্তৃত হওয়ায় সেখানে আধুনিক থানার ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না বলে প্রেস নোটে উল্লেখ করা হয়েছে।
এ কারণে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমতিক্রমে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ স্মৃতিস্তম্ভটি আপাতত সরিয়ে রেখে থানার আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস নোটে আরও বলা হয়েছে, কোতোয়ালি থানা আধুনিকায়নের পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ওই স্মৃতিস্তম্ভটি থানা ভবনের উপযুক্ত স্থানে পুনঃস্থাপন করা হবে। এটি শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, বরং সংস্কারের উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্মৃতিস্তম্ভ সরানোর উদ্যোগের বিষয়টি নিয়ে পুলিশ সদস্যদের অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা বললেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাটি যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে যশোরে মাদকবিরোধী অভিযানে ২০৪ জনের সাজা, বিপুল মাদক উদ্ধার যশোর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের বিভিন্ন সাফল্যের তথ্যও তুলে ধরা হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে অদ্যাবধি যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ২০৪ জনকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
এ ছাড়া ২০০টি মামলায় ২৪৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের হেফাজত থেকে ২ গ্রাম ও ২০ পুরিয়া হেরোইন, ২৫ কেজি ১৯৯ গ্রাম ও ৮৭ পুরিয়া গাঁজা, ২টি গাঁজা গাছ, ৮৪০৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯৫ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ, ৫ বোতল দেশি ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া যশোর জেলা পুলিশের অভিযানে ২টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, গত কয়েক মাসে যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজসহ মোট ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।
প্রেস নোটে স্বাক্ষর করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।