যশোর অফিস
যশোরে এক নারী শিক্ষিকাকে অশালীন প্রস্তাব, কুরুচিপূর্ণ মন্তব্য ও হয়রানির অভিযোগে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ভুক্তভোগী শিক্ষিকার লিখিত অভিযোগের পর সদর উপজেলার বলিয়া-ভেকুটিয়া এলাকার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। অভিযোগকারীও ওই মাদ্রাসার শিক্ষক।
অভিযোগে ওই শিক্ষিকা জানান, গত ৫ আগস্ট প্রধান শিক্ষক তাকে অফিস কক্ষে ডেকে বিভিন্ন অশালীন ও আপত্তিকর কথা বলেন এবং ভয়ভীতি দেখান। তিনি কথোপকথনটি অডিও রেকর্ড করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। পরে বিষয়টি শিক্ষক-কর্মচারীদের মধ্যে জানাজানি হলে উত্তেজনা সৃষ্টি হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।