যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার বেনাপোল ভবেরবেড় সরকারি জমিতে থাকা জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দাখিল করা প্রতিবেদনকে ‘মনগড়া ও বাস্তবতাবিরোধী’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (৮ আগস্ট) সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাইফুল ইসলাম অভিযোগ করেন, ১ নম্বর খতিয়ানের সিএস ও এসএ ২৮২ নম্বর দাগের ৪১ শতক সরকারি জমিতে জনসাধারণের চলাচলের রাস্তা রয়েছে। এ রাস্তা নিয়ে শার্শার সহকারী কমিশনার (ভূমি),মো. নিয়াজ মাখদুম আদালতে যে প্রতিবেদন দিয়েছেন, তাতে প্রকৃত তথ্য ও প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ মার্চ সরকারি জমিতে অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের রাস্তা অবমুক্ত করার জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, রাস্তা বন্ধ থাকায় নয়টি পরিবারের প্রায় ৪০ জন সদস্যসহ স্থানীয় অনেক মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে রয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৩১ মার্চ জনসাধারণের চলাচলের পথ দখল করে ভবন নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাসুমগংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে যশোর জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারি জমির প্রকৃত অবস্থা ও চলাচলের রাস্তার অবস্থান নির্ধারণ এবং রাস্তা অবমুক্ত করার দাবি জানানো হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাইফুল ইসলাম বলেন, “আমরা আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো মনগড়া বা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন মেনে নেওয়া হবে না।” একই সঙ্গে গণমাধ্যমকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।