যশোর অফিস
যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে হাফেজ নাজমুল ইসলাম (৩৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার রাত প্রায় ৮টার দিকে চৌগাছা উপজেলার নারায়ণপুর কপোতাক্ষ নদের ব্রিজসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আটক নাজমুল ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তিনি যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বায়তুল মামুন মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর চাচা ইমন হোসেন জানান,তাঁর সাত বছর বয়সী ভাতিজা ওই মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিয়ে নারায়ণপুরে গ্রামের বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে তাঁকে নদের ব্রিজের নিচে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিক্ষককে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
পরিবারের দাবি,এর আগেও ওই শিক্ষক শিশুটির সঙ্গে অনুরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’