যশোর প্রতিনিধি: শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা—এমন অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী মোটরসাইকেলে কালো পতাকা নিয়ে শহরের নিউমার্কেট এলাকার দিক থেকে পালবাড়ির দিকে যেতে দেখা যায়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় একটি সূত্র দাবি করেছে, শোভাযাত্রাটির আয়োজনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহি যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, শোভাযাত্রার বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একদল যুবক একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।