যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, খুলনা বিভাগের উদ্যোগে বিভাগীয় মুফাসসির সম্মেলন-২০২৬ শনিবার (১ আগস্ট) সকালে যশোর শহরের বিডি হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আলেম-ওলামা, মুফাসসির ও সংগঠনের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সংগঠনের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন (এমপি, রংপুর-৬)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, সংগঠনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মাওলানা রুহুল আমিন ও মাওলানা আবু বকর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা পবিত্র কুরআনের সঠিক তাফসির প্রচার, কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং আলেম-ওলামাদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তাঁরা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যুবসমাজকে মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নাসির উদ্দিন হেলালি। নির্বাচনে আগামী তিন বছরের জন্য খুলনা বিভাগীয় সভাপতি হিসেবে ইব্রাহিম খলিল মোজাহিদ নির্বাচিত হন।
এছাড়া খুলনা মহানগর সভাপতি হিসেবে মনিরুজ্জামান, খুলনা জেলা সভাপতি আব্দুস সালাম জাহেদী, সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালী, যশোর জেলা সভাপতি মাওলানা জুলফিকার আল মাহমুদ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, নড়াইল জেলা সভাপতি ওয়াকিউজ্জামান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা জুলফিকার, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আবু যর গিফারী, মেহেরপুর জেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম এবং বাগেরহাট জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন নির্বাচিত হন।
সম্মেলনটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Read more