যশোর অফিস
পবিত্র আশুরা উপলক্ষে হযরত ইমাম হুসাইন (রা.)-এর রুহের মাগফিরাত কামনায় যশোরে আলোচনা সভা, দোয়া, তবারক বিতরণ এবং ঐতিহাসিক ইমামবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের মুড়লী ইমামবাড়িতে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা কারবালার শোকাবহ ঘটনার তাৎপর্য তুলে ধরে বলেন, সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে দুপুরে দানবীর হাজী মোহাম্মদ মহসীন ইমামবাড়ি কার্যকরী সমন্বয় পরিষদ, যশোর, বাংলাদেশের উদ্যোগে ইমামবাড়ি সংলগ্ন এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইমামবাড়ি সংলগ্ন পুকুরটির সংস্কার না হওয়ায় ঐতিহাসিক স্থাপনাটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া অবৈধভাবে ভবন নির্মাণের কারণে ইমামবাড়ির সীমানা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা দাবি করেন। দ্রুত পুকুর সংস্কার, অবৈধ স্থাপনা অপসারণ এবং ঐতিহাসিক ইমামবাড়ি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ইমামীয়া আওলাদের সভাপতি সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি, মুড়লী ইমামবাড়ি, যশোরের সভাপতি এহতেশামুল আলম (পথিক) এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।