যশোর প্রতিনিধি:
যশোর শহরে এক রিকশাচালককে মারধর করে রিকশা ও টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে গণধাওয়ার মুখে তিনজন পালিয়ে যায়। এ সময় ধাওয়া খেয়ে ধানক্ষেতে পড়ে গিয়ে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে জনতা।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আকাশ (১৯), পিতা মো. খোরশেদ আলম, গ্রামের বাড়ি বিরামপুর, কোতোয়ালি থানা, যশোর। তিনি পেশায় একজন রিকশাচালক।
জানা যায়, রাত ৯টার দিকে যশোরের আরএন রোড এলাকা থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে আকাশের রিকশা ভাড়া করেন। পরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আরও দুই ব্যক্তি সেখানে যোগ দেন। এরপর চারজন মিলে আকাশের রিকশা ও সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় আকাশের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়। তবে পালানোর সময় আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ছিনতাইকারী পাশের ধানক্ষেতে পড়ে গেলে স্থানীয়রা তাকে আটক করেন।
পরে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পালিয়ে যাওয়া অপর তিন ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরে রিকশাচালককে ছিনতাইয়ের চেষ্টা, গণধাওয়ায় এক ছিনতাইকারী আটক
Share
Read more