যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার ডাংগী গ্রামে দৈনিক খবরের কাগজ-এর বেনাপোল প্রতিনিধি নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক নজরুল ইসলামের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি একটি কথিত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছিলেন। এর জের ধরে শুক্রবার দুপুরে কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলায় ইটের আঘাতে তিনি গুরুতর জখম হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতারা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।