যশোর প্রতিনিধি:
যশোর শহরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও একটি হিরো ব্র্যান্ডের স্কুটি জব্দ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ দুপুর প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল শহরের মুজিব সড়ক রেলগেট সংলগ্ন আরিফ গিফট সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করার অভিযোগে দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার জিয়াউর রহমানের ছেলে আরাফাত হোসেন (২৫), মুজিব সড়ক এলাকার জাহিদ মাঝির ছেলে ইমন মাঝি (২০), কোতোয়ালি, যশোর।
এজাহার সূত্রে জানাযায়,আটককৃতদের দেহ তল্লাশি করে একটি স্টিলের চাকু, একটি টিপ চাকু, একটি সুইচ গিয়ারবিহীন কালো রঙের জিপার মোটরসাইকেল, একটি হিরো ব্র্যান্ডের স্কুটি এবং নগদ ৯২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।