যশোর অফিস: যশোরে এক পুলিশ সদস্য ও তার পরিবারের ওপর হামলা, নারী সদস্যদের শ্লীলতাহানি, গাড়ি ভাঙচুর এবং টাকা ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা মাহফুজুর রহমান হীরাকে গ্রেপ্তারের দুই ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান হীরাকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আসামিপক্ষের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ৮টার দিকে যশোর শহরের চিত্রা মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। পরে দড়াটানা মোড়ে প্রাইভেট কারটির গতিরোধ করে একদল ব্যক্তি হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, গাড়ির আরোহী নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়। এ সময় তার স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, প্রাথমিক তদন্তে মাহফুজুর রহমান হীরার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে আদালত পরে তার জামিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হীরা যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি বিভিন্ন অপতৎপরতায় জড়িত ছিলেন বলে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে।
এদিকে, হীরার গ্রেপ্তারের পর অল্প সময়ের মধ্যেই জামিন পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।