যশোর প্রতিনিধি: যশোরের কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া পুলিশ ফাঁড়ির এক এসআই আদালতে এজাহার দাখিল করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদক উদ্ধার অভিযানের সময় এক আসামিকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ দুপুরে রেলবাজার ব্যবসায়ী সমিতির অফিসের উত্তর পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পারভীন (৪০) নামে এক নারীকে আটক করা হয়। তবে তার সহযোগী শাহীন ওরফে মোটা শাহীন (৪৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের দাবি, আটক পারভীনের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পলাতক শাহীন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তাকে ধরার চেষ্টা করা হলেও সে কৌশলে পালিয়ে যায়।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে মাদকসহ নারী আটক, সহযোগী পলাতক
Share
Read more