যশোর অফিস
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নীরব হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
আহত নীরব হোসেন কাশিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহেলাপুল এলাকার সুলতান মাহমুদ বাচ্চুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীরবের বোনকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে নীরবের সঙ্গে জীবন (২০) নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জীবন তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নীরবের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় জীবন ছুরি দিয়ে নীরবকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে নীরবের চাচাতো ভাই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নীরবের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।