যশোর অফিস
যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার (২০ জুন) পর্যন্ত যশোর জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাই অভয়নগর উপজেলায় ভর্তি আছেন। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে কাউকে অন্যত্র রেফার করা হয়নি এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।