যশোর অফিস
হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে দেওয়ার হুমকির অভিযোগে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে সড়কে একর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দিপঙ্কর দাস রতনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা তাদের সম্প্রদায়ের ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার ঘটনার অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।