শিশুদের শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর, হাসপাতালে ভর্তি

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে কোতোয়ালি থানার দত্তপাড়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত আনিচুর রহমান (৩২) দত্তপাড়া গ্রামের বাসিন্দা ও দত্তপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক। তিনি রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটলে শিক্ষক আনিচুর রহমান তাদের শাসন করতে দুটি চড় মারেন। ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তার বিরুদ্ধে শিশুদের শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে দেয়। এর জের ধরে শুক্রবার দুপুরে একদল গ্রামবাসী মাদ্রাসার ভেতরে তাকে মারধর করে।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more