বেনাপোলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Share

যশোর অফিস: যশোরের বেনাপোলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক নারী প্রশিক্ষণ ও সেলাই মেশিন সুবিধা পাবেন।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আলোকিত নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মমতাজ বেগম।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা গেলে অনেক নারী ঘরে বসেই আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আলোকিত নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নারীদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Read more