যশোর অফিস:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে অনুপ্রাণিত করেন।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। বিশেষ বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।
অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শরীরচর্চা শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।