যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার রাজারহাট হাতিপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালি থানাধীন রাজারহাট হাতিপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি ঝুমঝুমপুর বিস্কুট ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক সাইকেলযোগে বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে রাজারহাট হাতিপোতা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে পথচারী আশরাফুল ইসলাম তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read more